শখ
একটা প্রজাপতিকে পুড়তে দেখে
সেটিকে সূর্য ভেবে
আমরা সেদিকেই হাঁটতে শুরু করে ছিলাম
মাঝ পথে গিয়ে মনে হলো
আমরা কিছু ফেলে আসছি…
ফিরে গিয়ে দেখি
সেগুলো ছিল আমাদের অতীত
আমাদের ডুবে মরার শখ!
বাণিজ্য
এক বন্ধু আরেক বন্ধুকে
ডেকে বলে ‘আয় জীবন আঁকি’
সেই বন্ধুও বলল ‘আয়’
এরপর দুইজন চলে গেলো
অচেনা বনে, পাথরে ফুল ফোটানোর
কৌশল রপ্ত করতে…
কিছুদিনের মধ্যে তারা অদ্ভুত সব ফুল ফোটানোর
কৌশল শিখে নগরে ফিরলো…
শহরে তাদের রমরমা ফুলেরবাণিজ্য
কিন্তু তাদের ফুলে কোন গন্ধ ছিলো না
তারপর তারা একে অপরের নাক কেটে
নিজেদের মুক্তি দিলো
সন্ধ্যা
আমরা কয়েকজন মিলে
একটা সন্ধ্যা দেখতে ছিলাম
আকাশে চাঁদ ছিল, তারা ছিল
পৃথিবীতে সন্ধ্যারা এমনই হয়, খুচরা পয়সার মতো
তো সব কিছুই খরচ হইতেছিল, জীবনও
আমরা নিজেদের মতো চেষ্টা করতেছিলাম
অন্তত একটা সন্ধ্যা নিয়ে ঘরে ফেরার
কিন্তু সন্ধ্যা কিছুতেই ঘরে ফিরবে না
সে শুধু মিলায়া যাইতে চায়, কারো হয় না…
বাজার
চোখগুলা পুরনো হয়ে গেছে
ভাবলাম একজোড়া নতুন চোখ
কিনে নিয়ে আসি
চোখের বাজারে গিয়া
দেখি কোনও চোখই পছন্দ হয় না
মাল্টিপল চোখ খুবই কম…
অধিকাংশই এক জিনিস দেখে তো,
আরেকটা দেখে না
কিছু অফার দিয়া রাখছে
নিজের এক চোখ অন্ধ করলে
এক চোখ ফ্রি
আবার আরেকজনের চোখ অন্ধ করলে
এক জোড়া মরা মানুষের চোখ মাগনা দিবে
অন্য দিকে এক ক্যানভাসার বলে যাইতেছে
কতো সহজে নিজের চোখ উপড়ানো যায়…





কমেন্ট করুনঃ