মাসুদুল হক
১.
কবিতার ইতিহাস মানেই ভাষা, সমাজ, রাজনীতি ও সময়ের এক অন্তর্জাগতিক সংলাপ—এই উপলব্ধি থেকেই আধুনিক লাতিন আমেরিকার কবিতা যেমন গঠিত হয়েছে, তেমনি বাংলাদেশের কবিতার মধ্যেও এই চেতনার বহিঃপ্রকাশ লক্ষণীয়। কবিতা শুধু শিল্পমাত্র নয়, বরং এটি সময়ের ভাষ্য, রাজনৈতিক অভিপ্রায় ও আত্ম-সন্ধানের নিরন্তর অনুশীলন। রবার্ট ডানকান যেমন বলেছিলেন, “Poetry is a society of words”—এই একটি বাক্যে কবিতার ভেতরের সামষ্টিকতা ও ভাবগত বহুত্বই অনুধাবন করা যায়। কবিতা ভাষার সঙ্গে সমাজ, ইতিহাস, ও ব্যক্তির অন্তর্লীন যোগসূত্রের এক চলমান প্রতিচ্ছবি।
এই পরিপ্রেক্ষিতে আধুনিক লাতিন আমেরিকান কবিদের, বিশেষ করে অক্টাভিও পাজ-এর কবিতার দিকে তাকালে বোঝা যায়, তিনি কবিতাকে একটি চূড়ান্ত সৃষ্টি হিসেবে নয়, বরং এক চলমান প্রক্রিয়া হিসেবে দেখেছেন, যেখানে প্রতিটি কবিতা এক নতুন অন্বেষণের ফসল। José Quiroga তাঁর গ্রন্থ Understanding Octavio Paz-এ দেখিয়েছেন, পাজ-এর কবিতা পুনর্গঠনের এক ধারাবাহিক প্রয়াস, যেখানে প্রতিবার কবি নিজের সৃষ্টিকে প্রশ্ন করেন, নিজের অভিজ্ঞতার সঙ্গে ইতিহাসের সংলাপ গড়ে তোলেন। এই আত্ম-আলোচনা শুধুমাত্র আত্মজৈবনিক নয়, বরং তা বিস্তৃত হয় একটি অস্তিত্ববাদী ও রাজনৈতিক দৃষ্টিভঙ্গির মধ্যে।
পাজ-এর কবিতা “El mono gramático” বা “The Monkey Grammarian”-এ যেমন দেখা যায়, ভাষার গঠনপ্রণালী ও ভাবনার উৎস সন্ধানে তিনি এক অন্তর্মুখী যাত্রা শুরু করেন, যেখানে ইতিহাস এক স্বতন্ত্র বস্তুরূপে অনুপস্থিত। বরং ইতিহাস তাঁর কবিতায় ধরা পড়ে ভাষার ছায়া হয়ে, আত্মপরিচয়ের বিনির্মাণের সহযাত্রী হয়ে। আবার “Piedra de sol” বা “Sunstone”-এ দেখা যায় অ্যাজটেক ক্যালেন্ডারের সময়বৃত্তকে অনুসরণ করে ইতিহাস, মিথ, ও ব্যক্তিগত চেতনার সংমিশ্রণ ঘটানো হয়েছে। এই কবিতা শুধু একটি আধ্যাত্মিক বা দার্শনিক উপলব্ধিই নয়, বরং একটি রাজনৈতিক উচ্চারণ, যেখানে প্রেম, মৃত্যু, সভ্যতা, সময় ও স্মৃতি মিলেমিশে এক নতুন অর্থ নির্মাণ করে। পাজের কবিতা এমন এক সংলাপময় পরিসর তৈরি করে, যেখানে ইতিহাস ও ব্যক্তি একে অপরকে নির্মাণ ও প্রশ্ন করে।
এই চিন্তাভাবনা আমাদের বাংলাদেশের কবিতাচর্চাকে নতুনভাবে ভাবতে শেখায়। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ঔপনিবেশিক পরিপ্রেক্ষিতে একটি সাংস্কৃতিক প্রতিরোধের ভাষা নির্মাণ করে, যেখানে “বাংলার মাটি, বাংলার জল” গানটি বঙ্গভঙ্গের (১৯০৫) প্রেক্ষিতে লেখা হলেও কোনো প্রত্যক্ষ রাজনৈতিক হুংকার নয়, বরং তা ছিল জাতিসত্তার ঐক্যের এক সৃজনশীল আহ্বান। তাঁর “Where the mind is without fear” কবিতাটি এক স্পষ্ট রাজনৈতিক কল্পনা, যেখানে ভবিষ্যতের একটি মুক্ত ভারতের স্বপ্ন দেখা যায়। রবীন্দ্রনাথের ক্ষেত্রে এই আত্মপ্রতিক্রিয়া এবং ঐতিহাসিক মুহূর্তের সঙ্গে ব্যক্তিগত কণ্ঠস্বরের সম্মিলন পাজ-এর কাব্যচর্চার দার্শনিক ভিত্তির সঙ্গেও মিল খুঁজে পায়।
শামসুর রাহমানের কবিতা বাংলাদেশের মুক্তিযুদ্ধ, সামরিক দমননীতি, গণআন্দোলনের অভিঘাতকে সরাসরি ধারণ করে। “স্বাধীনতা তুমি” কবিতায় তাঁর কণ্ঠে যে স্বাধীনতার স্বর ধ্বনিত হয়, তা কেবল একটি রাজনৈতিক আদর্শ নয়, বরং গভীর মানবিক আকাঙ্ক্ষা—ভাষা, ভালোবাসা, এবং জীবনের মর্যাদার জন্য লড়াইয়ের এক প্রতীক। তাঁর কবিতা ইতিহাসের নথি নয়, বরং ইতিহাসের মধ্য দিয়ে গড়ে ওঠা ব্যক্তিমানুষের আত্মপ্রকাশ।
হেলাল হাফিজের কবিতা—বিশেষ করে “নিষিদ্ধ সম্পাদকীয়”—এক ভিন্ন মাত্রায় পাঠকের সামনে আসে। এখানে যৌবন, যুদ্ধ, বিদ্রোহ, প্রেম ও রাজপথ একাকার হয়ে যায়। কবিতাটি একটি রাজনৈতিক আহ্বান, আবার একটি ব্যক্তিগত সত্যবোধও। “এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়”—এই পঙ্ক্তি শুধু এক প্রজন্মের আহ্বান নয়, এটি সময়ের বিবেক। হেলাল হাফিজ কবিতাকে একদিকে প্রেমের আশ্রয় করেছেন, অন্যদিকে বিদ্রোহের অস্ত্রও করে তুলেছেন। পাজ যেমন বলেছিলেন, কবিতা পুনর্গঠিত হয় রাজনৈতিক অভিঘাতে—তেমনটিই দেখা যায় হেলাল হাফিজের কাব্যে। প্রেম ও দ্রোহ একই সত্তার দুই প্রকাশ, যা সময়ের চাপে নতুন নতুন রূপ নেয়।
Octavio Paz কবিতাকে কখনো সরাসরি রাজনৈতিক ঘরানায় ফেলেননি, তবে তিনি রাজনীতির গভীরে প্রবেশ করেছেন একটি স্বাধীন, অন্তর্মুখী বুদ্ধিবৃত্তিক অবস্থান থেকে। Yvon Grenier তাঁর গ্রন্থ From Art to Politics-এ দেখিয়েছেন, কীভাবে পাজ রাজনীতির ভাষায় প্রবেশ করেও কোনো দলে বাঁধা পড়েননি। তাঁর স্বাধীনতার মডেল ছিল বহুমাত্রিক—স্বাধীনতা শুধু বাহ্যিক শাসনের বিরুদ্ধে নয়, বরং চিন্তার, ভাষার, আত্মপরিচয়ের পরিসরেও। বাংলাদেশের প্রেক্ষিতে এই ভাবনাটি গভীর তাৎপর্যপূর্ণ—বিশেষ করে স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশে যেসব কবি সক্রিয় ছিলেন, তাঁদের অনেকেই ব্যক্তিগত কণ্ঠে রাজনৈতিক প্রতিক্রিয়া প্রকাশ করেছেন। কেউ রাজনীতির ভাষায় সরাসরি কথা বলেছেন, কেউ নিজেকে রেখেছেন রাজনৈতিক গণ্ডির বাইরে রেখে, স্বাধীন চিন্তার মঞ্চ তৈরি করেছেন।
এখানেই একটি প্রশ্ন সামনে আসে—কবিতা কি রাজনীতির বাহন হবে, না কি চিন্তার একান্ত মুক্ত ক্ষেত্র? Grenier-এর প্রশ্নটি বাংলাদেশের তরুণ কবিদের জন্যও প্রাসঙ্গিক। কারণ আজও দেখা যায়, অনেক কবি তাঁদের লেখা চূড়ান্ত ধরে নেন, যেখানে পাজ-এর মতো কবিরা শেখান, কবিতা হতে পারে এক অনবরত পুনর্গঠনের ক্ষেত্র। কবিতা নিরবচ্ছিন্নভাবে নিজেকে ভাঙে, গড়ে তোলে, ইতিহাস ও আত্মপরিচয়ের নতুন সংলাপ নির্মাণ করে।
লাতিন আমেরিকার কবিতার প্রভাবে আমরা এই ধারণাকে বুঝতে পারি—যে কবিতা কেবল অভিব্যক্তি নয়, এটি এক অন্তর্জাগতিক ও সামাজিক অনুশীলন, যেখানে সময়, ভাষা ও রাজনীতি একত্রে মিলিত হয়ে এক জটিল নন্দনতত্ত্ব নির্মাণ করে। বাংলাদেশের কবিতার ইতিহাস এই অনুশীলনের জীবন্ত উদাহরণ। রবীন্দ্রনাথ থেকে শুরু করে শামসুর রাহমান, রফিক আজাদ, নির্মলেন্দু গুণ,হেলাল হাফিজ,রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ পর্যন্ত, সকলেই তাঁদের কবিতাকে একান্ত শিল্পনির্মাণ হিসেবে নয়, বরং ইতিহাসের অভিঘাতে নতুন করে উপলব্ধির ক্ষেত্র হিসেবে বিবেচনা করেছেন। সেখানেই দেখা যায় কবিতার প্রকৃত রাজনৈতিকতা—যা বাহ্যিক প্রতিবাদ নয়, বরং অভ্যন্তরীণ পুনর্গঠনের এক নৈতিক ও দার্শনিক প্রয়াস।
২.
পাবলো নেরুদার কবিতায় চিত্র-ভাষার সংলাপ একটি গভীর দার্শনিক অন্বেষার অংশ, যা শুধু অলঙ্কারের প্রয়োগ নয়, বরং ইতিহাস, রাজনীতি, এবং মানবিক আকাঙ্ক্ষার বহুমাত্রিক বিনির্মাণ। তাঁর কবিতা এমন এক ভাষাশৈলীতে রচিত, যেখানে শব্দ হয়ে ওঠে রঙ, বাক্য রূপ নেয় তুলির আঁচড়ে, আর কল্পনার ক্যানভাসে আঁকা হয় ইতিহাসের জননির্ভর পাঠ। এই প্রক্রিয়াটি বিশেষভাবে অনুরণিত হয় লাতিন আমেরিকার বিপ্লবী চেতনার ভেতর দিয়ে, যেখানে নেরুদা শুধুমাত্র ইতিহাস বর্ণনা করেন না, বরং এক ধরনের প্রতীকী চিত্রণ করেন, যা মেক্সিকান মিউরালিস্টদের কাজের সঙ্গে এক গভীর অন্তঃসংলাপে যুক্ত। দিয়েগো রিভেরা, ডাভিদ আলফারো সিকেইরোস ও হোসে ক্লেমেন্তে ওরোজকোর দেয়ালচিত্রগুলোর মতোই, নেরুদার কবিতা এক ধরনের ভাষাভিত্তিক দেয়ালচিত্র, যা জনগণের পক্ষে ইতিহাস পুনর্লিখনের সাহসী প্রয়াস।
বিশেষত তাঁর মহাকাব্যিক কাব্যগ্রন্থ Canto General (১৯৫০) এই অন্বেষার সবচেয়ে সুস্পষ্ট উদাহরণ। সেখানে ইনকা সভ্যতা, চিলির প্রাকৃতিক পরিবেশ, ঔপনিবেশিক নিপীড়ন এবং শ্রমিকের সংগ্রামের মতো বিষয়গুলি একত্রে মিশে গেছে এমন এক ভাষাগত গঠনশৈলীতে, যা কাব্য ও চিত্রকলার পারস্পরিক নির্ভরতা স্পষ্ট করে তোলে। নেরুদার শব্দবিন্যাসে ব্যবহৃত ভিজ্যুয়াল মেটাফর, রঙের উপমা ও শারীরিক অভিব্যক্তিগুলি এক প্রকার চিত্র-ভাষার অনুবাদ বলেই প্রতিভাত হয়। প্রতিটি কবিতার পঙ্ক্তি যেন একটি দৃশ্যকল্প—তুলির প্রতিটি স্পর্শ সেখানে বর্ণনায় রূপান্তরিত।
এই চিত্র-ভাষার ব্যবহারে নেরুদা কেবলমাত্র ঐতিহাসিক চিত্র আঁকেন না, বরং ইতিহাসের অনুভূতিমূলক প্রতিচ্ছবি নির্মাণ করেন। ইতিহাস এখানে তথ্যগত নয়, বরং মানবিক বোধের কাঠামোয় গঠিত, যা পাঠকের কল্পনায় একটি জীবন্ত দৃশ্যমালা তৈরি করে। মেক্সিকান মিউরালিস্টদের মতোই, যাঁরা জনগণের পক্ষে শিল্পকে রাজনীতিক করে তোলেন, নেরুদাও তাঁর কবিতার মাধ্যমে ভাষাকে প্রতিরোধের হাতিয়ার হিসেবে ব্যবহার করেন, এবং ইতিহাসকে রাষ্ট্রীয় পাঠ্যবই থেকে তুলে এনে জনতার কণ্ঠে ফিরিয়ে দেন।
এই প্রেক্ষাপটে বাংলাদেশের সাহিত্য ও শিল্পতত্ত্বে চিত্র-ভাষা ও কবিতার সংলাপের ক্ষেত্রটি এখনো একটি পরিপূর্ণ বিশ্লেষণ থেকে বঞ্চিত। দুর্ভিক্ষ, সংগ্রাম বা রাজনৈতিক প্রতিরোধের মতো ঘটনার মধ্যে চিত্র ও কবিতার একটি পরোক্ষ মেলবন্ধন দৃশ্যমান হলেও, তা এখনো একটি সংগঠিত আলাপ বা তাত্ত্বিক অনুশীলনের পর্যায়ে পৌঁছায়নি। জয়নুল আবেদিনের ‘দুর্ভিক্ষচিত্র’, কামরুল হাসানের রেখায় নির্মিত রূপকলা, কিংবা সুকান্ত ভট্টাচার্য, শামসুর রাহমান, আল মাহমুদ, আবুল হাসান, মোহাম্মদ রফিক ও মুহাম্মদ নুরুল হুদার কবিতায় সমাজ, রাজনীতি ও প্রকৃতির প্রতিবিম্ব এই সংলাপের সম্ভাবনাকে স্পষ্ট করে তোলে। তবে এই সম্ভাবনার যথার্থ বিশ্লেষণ এখনো আমাদের সমালোচনাচর্চায় অনুপস্থিত।
পাবলো নেরুদার কাব্যচর্চা আমাদের সামনে একটি দৃষ্টান্ত স্থাপন করে—যেখানে কবিতা চিত্রের ভাষা গ্রহণ করে ইতিহাসের বিকল্প পাঠ রচনা করে। Hugo Méndez তাঁর “Ramírez” আলোচনায় যেমন দেখিয়েছেন, নেরুদার কবিতায় এই চিত্রভাষা নিছক অলঙ্কার নয়, বরং একটি দার্শনিক উপলব্ধির শরীরী রূপ। বাংলাদেশের প্রেক্ষাপটে এই আন্তঃশিল্প সংলাপের চর্চা আরও জোরদার হওয়া জরুরি—যাতে সাহিত্য ও চিত্রকলার সম্মিলনে ইতিহাসের নান্দনিক এবং মানবিক পুনর্গঠন সম্ভব হয়। ইতিহাস লেখা তখন কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ থাকে না; বরং তা হয়ে ওঠে একটি সম্মিলিত ভাষা—যার ভিতর দিয়ে অতীত, বর্তমান ও ভবিষ্যতের নাগরিকতা নির্মিত হয় কাব্য ও ক্যানভাসের এক যৌথ প্রয়াসে।
৩.
ম্যাগদা পোর্টালের সাহিত্যিক ও রাজনৈতিক অবস্থান ল্যাটিন আমেরিকার নারীবাদী কাব্যধারার এক প্রভাবশালী দৃষ্টান্ত, যেখানে কবিতা নিছক নান্দনিক অনুশীলনের গণ্ডি ছাড়িয়ে হয়ে ওঠে সক্রিয় রাজনৈতিক প্রতিবাদের ভাষা, আত্মপরিচয়ের অন্বেষণ এবং ক্ষমতার কাঠামোতে নারীর অবস্থান পুনঃনির্ধারণের মাধ্যম। পেরুর সমাজতান্ত্রিক আন্দোলনের কর্মী হিসেবে পোর্টাল তাঁর লেখাকে ব্যবহার করেছেন একটি ভাষিক আন্দোলনের অংশ হিসেবে, যেখানে নারীর নিপীড়িত কণ্ঠস্বর এক সাহসী উচ্চারণে পরিণত হয়েছে। তাঁর কবিতায় ব্যক্তিগত ও রাজনৈতিক অভিজ্ঞতা এমনভাবে মিশে গেছে যে, পাঠকের সামনে উদ্ভাসিত হয় একটি নারীর আত্মনির্মাণের সংগ্রাম—যা কেবল ব্যক্তিক নয়, বরং সামষ্টিক প্রতিরোধের ধারক।
২০শ শতকের মধ্যভাগ থেকে ল্যাটিন আমেরিকার নারীবাদী কাব্যধারায় এক ধরনের ভাষিক ও রাজনৈতিক র্যাডিকালিজম লক্ষ্য করা যায়, যেখানে কবিতা হয়ে ওঠে নারী অভিজ্ঞতার স্বতন্ত্র দলিল, ক্ষোভের প্রকাশ এবং চেতনাগত জাগরণের নথিপত্র। আলফনসিনা স্তোরনি ও গ্যাব্রিয়েলা মিস্ত্রালের মতো কবিদের লেখায় দেখা যায়, তাঁরা পুরুষতান্ত্রিক সাহিত্যিক ও সামাজিক কাঠামোর বিরুদ্ধে কবিতাকে একটি সূক্ষ্ম অথচ দৃঢ় হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। স্তোরনির কবিতায় নারীর দেহ, আকাঙ্ক্ষা এবং স্বাধীনতা সম্পর্কে যে বক্তব্য উঠে আসে, তা ছিল তৎকালীন সমাজের জন্য এক প্রকার সাংস্কৃতিক ধাক্কা। মিস্ত্রালের কবিতায় মাতৃত্ব, প্রেম ও সামাজিক মূল্যবোধ এক নতুন আলোচনার সূত্রপাত ঘটায়, যা পরে পোর্টালের কবিতায় এসে আরও রাজনৈতিক তাৎপর্য লাভ করে। তাঁর লেখায় দেখা যায়, ভাষা কেবল ভাব প্রকাশের মাধ্যম নয়, বরং ক্ষমতার কাঠামোর বিরুদ্ধে নারীর এক সাংস্কৃতিক ও রাজনৈতিক অবস্থান।
এই বৈশ্বিক ধারার এক প্রতিধ্বনি আমরা খুঁজে পাই বাংলাদেশের নারীবাদী কাব্যচর্চায়ও। সুফিয়া কামাল এই চর্চার প্রারম্ভিক স্থপতি, যাঁর কবিতায় জাতীয়তাবোধ, ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে অবস্থান এবং নারীর আত্মমর্যাদা এক অপূর্ব সংমিশ্রণে প্রকাশ পেয়েছে। যদিও তাঁর ভাষা ছিল সংযত, তবু তার অন্তর্নিহিত রাজনৈতিক অবস্থান ছিল স্পষ্ট এবং দৃঢ়। তাঁর লেখার সৌন্দর্য এইখানেই যে, তা একদিকে আবেগনির্ভর, অন্যদিকে সাংঘর্ষিক বাস্তবতাকে আত্মস্থ করে। পরবর্তীকালে তসলিমা নাসরিন এই ধারাকে এক প্রকার ধাক্কা দেন আরও তীব্র, সপ্রতিভ এবং অনেক বেশি স্বতঃস্ফূর্ত ভাষায়। তিনি নারীর যৌনতা, ধর্মীয় সংকীর্ণতা, পারিবারিক কাঠামো ও পুরুষতান্ত্রিক নিপীড়ন নিয়ে যে সরাসরি এবং কখনো কখনো বিতর্কিত উচ্চারণ করেছেন, তা নারীর কণ্ঠকে এক নতুন রাজনৈতিক বাস্তবতায় স্থাপন করে।
সাম্প্রতিক কালে বাংলাদেশের নারীকবিতার এক উজ্জ্বল ধারাবাহিকতা গড়ে তুলেছেন নাসিমা সুলতানা, ফেরদৌস নাহার, সুহিতা সুলতানা, শাহনাজ মুন্নী, আয়শা ঝর্না, রোকসানা আফরিন, অদিতি ফাল্গুনী, সাকিরা পারভীন, জাহানারা পারভীন, নিতুপূর্ণা, তানিয়া জামানের মতো কবিরা। তাঁদের কবিতায় নারীর অভ্যন্তরীণ ভাঙন, প্রেম এবং প্রতিবাদের মধ্যকার জটিল দ্বন্দ্ব একটি আন্তঃসংলাপের মতো প্রবাহিত হয়। বিশেষভাবে লক্ষণীয়, এই কবিদের লেখায় ইন্টিমেসি ও রাজনৈতিক প্রতিবাদ একসঙ্গে চলমান—যা একদিকে নারীর মানসিক জগৎকে প্রকাশ করে, অন্যদিকে সামাজিক বিধিনিষেধ ও প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করে তোলে। প্রযুক্তির প্রসার, সামাজিক মিডিয়ার উপস্থিতি এবং গ্লোবাল নারীবাদের ছায়ায় তাঁরা নারীর অস্তিত্ব ও চেতনা পুনর্রচনা করেছেন এমন ভাষায়, যা স্থানীয় বাস্তবতাকে অতিক্রম করে এক আন্তর্জাতিক পাঠভূমির সঙ্গেও সংযুক্ত।
বাংলাদেশের সাম্প্রতিক কবিতা এখন এমন এক ধাপে পৌঁছেছে, যেখানে নারীকণ্ঠ আর “ভিন্ন” বা “প্রান্তিক” কোনো কণ্ঠস্বর নয়—বরং তা মূলধারার সাহিত্যিক বিতর্কের একটি অপরিহার্য অংশ হয়ে উঠেছে। প্রেম, নিঃসঙ্গতা বা নৈসর্গিক সৌন্দর্য ছাড়াও নারীকবিরা এখন সমাজের বিশ্লেষক, ভাষার নির্মাতা এবং রাজনীতির সক্রিয় ভাষ্যকার। এই প্রবণতা ম্যাগদা পোর্টালের মতো কবিদের আন্তর্জাতিক প্রভাবের একটি গ্লোবাল ছায়া হিসেবে বিশ্লেষণযোগ্য, যা দেখায়—কবিতা কীভাবে হয়ে উঠতে পারে নারীর আত্মপ্রতিষ্ঠার ভাষা, আর সেই ভাষা কীভাবে প্রশ্ন তোলে, প্রতিরোধ গড়ে তোলে এবং শেষপর্যন্ত আত্মনির্মাণের একটি রূপান্তরিত পথ হয়ে ওঠে।
৪.
William Rowe-এর Poets of Contemporary Latin America বইটি কেবল সাহিত্য বিশ্লেষণের একটি নিখুঁত প্রচেষ্টা নয়, বরং একটি গভীর দার্শনিক ও রাজনৈতিক অবস্থানও। এই গ্রন্থে Rowe কবিতাকে এক স্থবির বা চিরস্থায়ী রূপ হিসেবে নয়, বরং এক সক্রিয় বুদ্ধিবৃত্তিক অন্বেষণ হিসেবে উপস্থাপন করেন—যেখানে ভাষা, সমাজ, রাষ্ট্র, লিঙ্গ ও আত্মপরিচয়ের মতো জটিল বাস্তবতাগুলোর সঙ্গে কবিতার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। তিনি দেখান কীভাবে ল্যাটিন আমেরিকার কবিরা তাঁদের কবিতার ভেতর দিয়ে একধরনের সাংস্কৃতিক প্রতিরোধ ও বিকল্প ভাষার নির্মাণ ঘটান, যা কেবল অলংকারের খেলা নয়, বরং রাজনৈতিক ও নন্দনতাত্ত্বিক অবস্থান গ্রহণের একটি প্রক্রিয়া।
Nicanor Parra-এর অ্যান্টি-পোয়েট্রি এই অবস্থানকে শক্তিশালীভাবে প্রকাশ করে। তিনি ঐতিহ্যগত অলংকার ও উচ্চাভিলাষী নন্দনতত্ত্ব প্রত্যাখ্যান করে দৈনন্দিন, কথ্য ভাষাকে কবিতার স্তরে উত্তীর্ণ করেন। এটি নিছক একটি শৈলী নয়; বরং চিলির রাজনৈতিক টানাপড়েন, সাধারণ মানুষের বিভ্রান্তিকর বাস্তবতা ও ভাষাগত অনিশ্চয়তাকে ধারণ করার একটি মাধ্যম। তাঁর কবিতা এক ধরনের ভাষিক বিদ্রোহ যা পাঠককে সক্রিয় চিন্তার দিকে ঠেলে দেয়। একইভাবে, Carmen Ollé-এর কবিতা নারীবাদী দৃষ্টিকোণ থেকে স্প্যানিশ-ভাষী সাহিত্যভুবনের পুরুষতান্ত্রিক কাঠামোকে প্রশ্নবিদ্ধ করে। তাঁর লেখায় নারী শরীর, যৌনতা ও অভিজ্ঞতা যে ভাষায় প্রকাশ পায়, তা কেবল রাজনৈতিক নয়, বরং ভাষার স্তরেও এক ধরনের প্রতিবাদ ও স্বাধীনতা চর্চা। Ana Enriqueta Terán-এর কবিতায় শরীর, ভূমি এবং কল্পনার যে সংমিশ্রণ আমরা দেখি, তা নিছক রূপক নয়; বরং নন্দন ও রাজনৈতিক চেতনার পারস্পরিক সম্পর্কের একটি জটিল নির্মাণ, যেখানে কবিতা হয়ে ওঠে বস্তুজগত ও চেতনার দ্বৈতস্বর।
Rowe এইসব কবিদের পাঠ করে যে ধারণাটি প্রতিষ্ঠা করেন—যে কবিতা কেবল ভাষার মধ্য দিয়ে সৌন্দর্য নির্মাণ নয়, বরং একধরনের সাংস্কৃতিক, রাজনৈতিক এবং বুদ্ধিবৃত্তিক প্রতিরোধ—তা আজকের বিশ্বসাহিত্য আলোচনায় বিশেষভাবে প্রাসঙ্গিক। তাঁর বিশ্লেষণ থেকে স্পষ্ট হয়, ভাষার মধ্যে দিয়েই প্রতিরোধ গড়ে ওঠে, আর কবিতা হয়ে ওঠে একটি সাংস্কৃতিক অবচেতন নির্মাণের ক্ষেত্র, যেখানে পাঠক নিছক দর্শক নয়, বরং সহভাগী, এমনকি অংশগ্রহণকারী হয়ে ওঠেন।
এই দৃষ্টিকোণ থেকে যদি বাংলাদেশের সাম্প্রতিক কবিতার প্রবণতা পর্যালোচনা করা হয়, তাহলে একটি দ্বন্দ্বময় চিত্র সামনে আসে। একদিকে আছে বিস্তৃত বিষয়ের বৈচিত্র্য, অন্যদিকে তা এখনো একটি সুগঠিত সমালোচনামূলক কাঠামোতে প্রবেশ করতে পারেনি। নারীবাদী কণ্ঠ যেমন অদিতি ফাল্গুনী, রোকসানা আফরিন, শামীমা সুলতানা কিংবা নাসরীন জাহান-এর কবিতায় নারী অভিজ্ঞতা, শরীর ও লিঙ্গ রাজনীতির স্পষ্ট ভাষিক প্রকাশ লক্ষ্য করা যায়। কিন্তু এই কবিতা প্রায়শই ‘নারীবাদী কবিতা’ বলেই লেবেল দিয়ে সীমাবদ্ধ করা হয়। এর ফলে, কবিতার ভেতরকার ভাষার পরীক্ষা-নিরীক্ষা বা নন্দনতাত্ত্বিক নতুনত্বের আলোচনা আড়ালে পড়ে যায়। নারীকণ্ঠে উচ্চারিত কবিতা এখানে এখনো একটি পৃথক ধারা হিসেবে বিবেচিত হয়, মূলধারার সাহিত্যে যার স্বীকৃতি অনেকাংশে অনুপস্থিত।
বাংলাদেশে রাজনৈতিকতা নিয়ে যাঁরা কবিতায় কাজ করছেন, তাঁদের মধ্যে সাযযাদ কাদির, তারিক সুজাত কিংবা সাম্প্রতিক সময়ের সাজ্জাদ শরীফ উল্লেখযোগ্য নাম। তাঁদের কবিতায় রাষ্ট্র, ক্ষমতা, ও ব্যক্তিসত্তার দ্বন্দ্বের সরল বা জটিল প্রতিফলন থাকলেও, পাঠের প্রক্রিয়ায় এই কবিতাগুলোর নন্দনতত্ত্ব ও রাজনৈতিকতা একত্রে বিশ্লেষণের একটি সমন্বিত প্রবণতা গড়ে ওঠেনি। ফলে কবিতার ভাষিক ভঙ্গি, রূপান্তর কিংবা অবচেতন স্তরের প্রতিরোধমূলক সম্ভাবনা পাঠকের নিকট অনেকাংশেই অধরা থেকে যায়। অনেকে ভাষার মধ্য দিয়ে প্রতিরোধের আভাস দেন, কিন্তু সেই ভাষা কেমন করে নির্মিত হয়, কীভাবে ভাঙে, কিংবা কীভাবে একটি নতুন বোধ তৈরি করে—এই দিকগুলো নিয়ে নিরবিচার বিশ্লেষণ এখনো দুর্লভ।
Rowe যে ধারণা তুলে ধরেন—“poetry as a space of active discovery”—তার আলোকে বাংলাদেশি কবিতা প্রায়শই এক ধরনের আবেগঘন ব্যক্তিক অভিজ্ঞতার পুনরাবৃত্ত চক্রে আবদ্ধ মনে হয়। স্মৃতিকাতরতা, শৈশবের স্মৃতি বা আত্মগত বেদনার আবেগ এখানে প্রবল, কিন্তু শ্রেণি, জাতি, উপনিবেশোত্তর চেতনা কিংবা ভাষাগত শৈথিল্য ও সংশয়ের মতো বিষয় খুবই সীমিত পরিসরে আবির্ভূত হয়। ফলে, আত্মপরিচয়ের যে বহুবাচনিক জটিলতা আধুনিক কবিতার একটি মূল বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত, তা এখানকার কবিতায় পর্যাপ্তভাবে অনুসন্ধান করা হয়নি।
এই প্রেক্ষাপটে Rowe-এর ভাবনাগুলি বাংলাদেশের সাহিত্যচর্চা ও শিক্ষাব্যবস্থার জন্য একটি প্রেরণার উৎস হতে পারে। কবিতা যদি প্রতিরোধ, ভাষার পরীক্ষণ, এবং সাংস্কৃতিক পরিসরের পুনর্গঠনের একটি ক্ষেত্র হয়, তাহলে তা কেবল কবির জন্য নয়—পাঠকের জন্যও এক সক্রিয় চর্চার আহ্বান। সাহিত্য প্রতিষ্ঠানের ভূমিকা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন কবিতা নিছক একটি ‘অভিজাত শিল্প’ নয় বরং জীবনের জটিলতা, দ্বন্দ্ব ও অস্বস্তির একটি প্রামাণ্য দলিল হয়ে ওঠে, তখনই তা সমাজে এক অন্তর্ভেদী আলোচনার সৃষ্টি করতে পারে। বাংলাদেশের সাহিত্যের ভবিষ্যৎ নির্মাণের জন্য এই দৃষ্টিভঙ্গি বিশেষভাবে প্রয়োজনীয়।





কমেন্ট করুনঃ