বেথলেহাম
এখানে ওখানে
কসাই-দোকানে
ঝুলিয়ে রেখেছি
তোদের মাংস
সিনা আর হাড়
কচি কলিজার
টকটকা লাল
শ্রেষ্ঠ অংশ
সস্তায় বেচি
একদম দেশি
তাজা তাজা রান
মজ্জা মগজ,
কিনে নিয়ে যান
ভুনা করে খান
তা না হলে পরে
হবে আফসোস
এইখানে আসো
হালাল মাংস
আমরাই বেচি
গ্যারান্টি ভাই,
কসম কসম
এটা একদম
দুধ-দাঁত ছাড়া
আজকে জবাই
আসেন আসেন
কিনে নিয়ে যান,
প্রচারস্বার্থে-
বলা চলে প্রায়
বিনা পয়সার
মাংস দোকান
একটাই শাখা
একটাই নাম
নয়া জমানার
এ বেথলেহাম
শুধু করি যোগ
সীমিত সুযোগ,
সুযোগ হারালে
পস্তাতে হবে
এইবার খাওয়া
শস্তাতে হবে
জেনে রেখো ভাই
মরবার কালে
চেয়েও মেলে না
মকরের ধ্বজ
এতো কচি কচি
মজ্জা মগজ
আহা কচি কচি
মজ্জা মগজ
ওহো কচি কচি
মজ্জা মগজ!
বেনামী
এ আমার নাম আমি বলবো না শোনো,
বলবো না কভু আমি কী আমার নাম,
বলবো না বলবো না কোনোদিনও জেনো
পিতা-মাতা, কোথা বাস, কেনবা এলাম।
আমি কী একলা নাকি! কালের মান্দাস—
আমাকে ভাসিয়ে নিয়ে এসেছে এখানে,
আমার পেছনে আছে সারিবদ্ধ লাশ;
হত্যা যারা করে গেছে শুধু তারা জানে—
কী তাদের নামধাম, কিবা পরিচয়,
কোন অপরাধে তারা হয়ে গেছে ফৌত,
খোদার বাদশাহী আর নাই দুনিয়ায়
মানুষই সেজেছে আজ মালেকুল মউত
এ আমার নাম নাই, বেওয়ারিশ লাশ,
কবর মেলেনি তাও করিনি বাহাস।
রাত্রির প্রাগকথন
অযুত সূর্যাস্তের পর দেখা হবে আমাদের—আরেকটা শীতের রাত জমতে থাকা রক্তশূন্য গোধূলির খোপে খোপে।
পাহাড়ের ছায়ায় কথা বলছে ডাকু ও হার্মাদ।
যখন জীবন গড়িয়ে যায় রক্তের কাছে, কিছুই তখন আর থামাতে পারে না। কুকুরেরা পাহারা দেয় মৃতদেহগুলি, অন্ত্যেষ্টিক্রিয়ার সৌরভের ভেতর।
অন্ধকার তার নখর দিয়ে সন্ধ্যাকে খামচে ধরেছে। আর অনাবৃষ্টির প্রান্তরে ধূসর খরগোশ, আর হাওয়া—চলাচলের পুনরুক্তিতে সেলাই করে চলেছে রাত্রির ছাইরঙা কালো-কৌপিন।
নন্দনতত্ত্বের খসড়া
মুছে গেলো তটরেখা। গোধূলির উদ্বৃত্ত আলোয় যেটুকু লালিমা।
তবু ওড়ে ডানাহীন হাঁস।
কতোটা বিকৃত সেই বিকলাঙ্গ হাঁসের উড়াল? পাখির পালকে আমি টুকে রাখি সেই কথামালা, শাল্মলী তরুটির নিচে৷
২.
মেলে ধরলাম হাতের সকল তাস।
এখানে কোনো ত্রাতা নেই, দেখো,
দুর্ভিক্ষ আছে।
রাজার গায়ে জামা নেই,
রানী স্বৈরাচার।
এইখানে মহাকাল শেষ হয়ে গেছে,
বাতিঘরের ঠাণ্ডা আলোর নিচে।
স্মৃতি থেকে তেতো গন্ধ ছড়াচ্ছে,
বিসর্গবহুল বুদ্বুদ উঠে আসছে
জলাধার থেকে৷
ফাল্গুনের পুষ্পিত বিকেল ঝরে গেছে
রাত্রির কবরখানায়।
তবু ওড়ে ডানাহীন হাঁস, উদ্ধৃতিচিহ্নবিহীন— মুহুর্মুহু আছড়ে প’ড়ে সমাধিসৌধের স্তম্ভিত পাথরে পাথরে।





কমেন্ট করুনঃ