কলোনির মেয়ে ও অন্যান্য কবিতা

ফন্ট সাইজ-+=

মাসুদুল হক

 

১.যেভাবে আমরা ধার্মিক হয়ে উঠি 

 

স্বপ্নের ভেতর ঘুমিয়ে পড়ার আগে

নৃ-ইন্ডাস্ট্রি জোনের কামারশালায়

আমাদের খুব তর্ক হয়েছিল মাতৃভাষা নিয়ে

 

 

ভাষা মেরামতের কাজ করতে করতে

শীতের আগে অগ্নিজাত কিছু শব্দের উৎস সন্ধানে

ধর্মগ্রন্থের পাতা খুলতেই আমরা ঘুমিয়ে পড়ি

 

সেই থেকে আমাদের জীবনে কোনো কাল নেই

 

 

২.প্রত্নাভিবাসী

 

ভয় ও আতঙ্কের পেছনে ছুটতে ছুটতে

লবণের হ্রদ তৈরি হয়েছে আমাদের চোখে

 

আন্তর্জাতিক সীমা অতিক্রম করে

আবেগের ভেতর ভাষাবৈচিত্র্য ও

কনজাংশনের টুকরো পড়ে গেলে

 

হ্রদের নোনা জলে ভাসতে ভাসতে

নিজেদের প্রত্নাভিবাসী মনে হয়

 

 

৩.কলোনির মেয়ে 

 

মেয়েটি সেলাই করতে করতে

প্রায়ই সুঁই-সূতায় দূরদেশ বানায়

 

এই নিয়ে গুঞ্জন উঠেছে কলোনিতে

 

মেয়েটি নীরব। শুধু জানে গুঞ্জনগুলো

শব্দভ্রমর

 

ভ্রমর একদিন বিদেশ থেকে

ওর প্রিয় মানুষকে নিয়ে আসবেই

 

৪.সেলাই শিল্প ও কবিতা

 

সেলাই শিল্প নিয়ে আমার ধারণা রয়েছে;

 

আমি তাই প্রতিটি মনখারাপের দিনে

ধ্বনির বিবাদে না গিয়ে

শব্দগুলো সেলাই করে বুকে রেখে দিই

 

তুমি ভুল ভেঙ্গে কাছে আসলেই

সেলাইকৃত শব্দগুলো হয়ে উঠবে কবিতা

 

৫.শব্দের সমাধিক্ষেত্র

 

ইস্পাতের গন্ধ মুছে ফেলা হাতে

ভাষা দাঁড়ায় শূন্য বাক্যের পাশে।

 

পেছনে পড়ে থাকা শব্দের যন্ত্রাংশ,

তাতে আর কোনো ধ্বনি কিংবা  দ্রোহ নেই!

 

পাথরের ফাটলে ঘুমিয়ে পড়ে

ব্রক্ষ্মাজাত বধির শব্দ…

 

 

৬. তুমি আসবে বলে 

 

আমরা তো আমাদের মতোই …

 

দূরে ঘণ্টা বাজিয়ে ঢাকের শব্দ তুলে

ইন্জিনের গাড়ি বাড়তে থাকলে

প্রতিমার অপেক্ষায় দাঁড়িয়ে পড়ি

 

আমরা তো আমাদের মতোই …

 

ইন্জিনের গাড়ি মিছিল পেরিয়ে গেলে

কাঠামোতে প্রতিমাকে খুঁজে না পেলে

আমরাই আমাদের প্রতিমা হয়ে উঠি

 

 

৭. শিল্প ও শিল্পী

 

তুমি স্বপ্ন দেখ;

স্বপ্নের কলোনিতে তুমি সুন্দর!

 

তোমার স্বপ্নের ছবি আঁকতে আঁকতে

আমি ভীষণ ক্লান্ত!

কমেন্ট করুনঃ

Scroll to Top
Copy link