এই দিকচিহ্ন
এই দিকচিহ্ন, প্রেমের এস্রাজে বেঁজে ওঠা, ভৈরবী…
এই দিকচিহ্ন, সংশপ্তক ক্যানভাসে আঁকা, একি মূর্ছনা…
এই দিকচিহ্ন, কাস্তেতে শানাও ফসলের উদ্বোধন…
আমরা রাজপথে কিংবা প্রকৃতির পাদপিঠে
খুঁজে নেবো, গড়ে নেবো, আগামীর সূর্যোদয়…
বলপয়েন্টের দাগে, কাগজের ভাজে
বলপয়েন্টের দাগে, কাগজের ভাজে
একজীবনের আঁকিবুকি করেছি, সময়ে-অসময়ে
তুমি বুঝে নাও আমার অভিব্যক্তির সূচিপত্র…
তুমি খোঁজে নাও প্রাপ্তি-অপ্রাপ্তির শিরোনাম থেকে
প্রজ্ঞা ও প্রণতি কতোটা গড়ে!
চলো ব্রহ্মান্ড গড়ি
চলো, একটি উন্মুক্ত কাগজের সাদাপৃষ্ঠা পাঠ করি…
চলো, বৃক্ষের পাতাঝরা প্রত্যক্ষ করি
চলো, মানুষে মানুষে বসত সীমানা গড়ার বিরুদ্ধে
প্রতিবাদলিপি প্রদান করি…
গাছের কাছে
পাখির কাছে
বাতাসের কাছে
প্রাগৈতিহাসিক স্থাপত্যের কাছে
রাষ্ট্রসংঘের কাছে
প্রকৃতির কাছে
প্রতিবাদলিপিতে লেখা থাকবে, সমোচ্চারিতকণ্ঠে
‘চলো ব্রহ্মান্ড গড়ি’…
চলো একটা জ্যামিতি লিখি
চলো একটা জ্যামিতি লিখি। যেখানে
থাকবে একটি দীর্ঘশ্বাস, একটি অনুভূতিহীন চৌহদ্দি।
থাকবে একফোঁটা অশ্রুবিন্দুর সীমানা…
চলো একটা জ্যামিতি লিখি
তুমি, আমি, আমরা সকলে। সবাই…
হেঁটে যাচ্ছি…
হেঁটে যাচ্ছি…
ক্রমাগত হেঁটে যাচ্ছি। পথ-ঘাট
অরণ্যভূমি, অলি-গলি, রাজপথ, অতলান্ত সমুদ্রতট
হেঁটে যাচ্ছি। কোথাও দেখতে পেলাম না
মানুষের সমুচ্চারিত কণ্ঠস্বর, প্রতিজ্ঞা নির্ভর
সভ্যতার কাছে প্রতিশ্রুত আছে জন্মভূমি, সীমানা প্রাচীর, দাগ
নিমগ্ন মানচিত্র, পথ খুঁজে ফিরে উর্বর উৎপত্তি
হেঁটে যাচ্ছি…
বন, পাহাড়, সমুদ্র, তৃণভূমি, নিরন্তর
হেঁটে যাচ্ছি…
শিখি
তুমি বললে, ভালোবাসা ঝরেপড়া কোনো লাজুক ফুল নয়!
তুমি বললে, বিবর্ণ বাঁকলে ছুঁয়ে দাও
পৃথিবীর একবিন্দু শিশির ফোঁটা…
প্রস্ফুটিতো হবে অনুভূতির ডালপালা, নিবিড় মধ্যরাতে
আমি তাঁকিয়ে তাঁকিয়ে নক্ষত্রজ্বলা অভিব্যক্তিগুলো কুড়িয়ে নিই
কাগজের টুকরো হয়ে ছুড়ে দিই গন্তব্যহীন দিগন্তে…
জলের স্পর্শে কেঁপে ওঠা আত্মপ্রতিকৃতি মেপে মেপে
ভালোবাসার ব্যাপ্তি শিখি…
আমার নির্দিষ্ট কোন গন্তব্য নেই
আমার নির্দিষ্ট কোন গন্তব্য নেই
জলে স্থলে অন্তরীক্ষে, যেকোন স্থানে আমি যেতে পারি…
রাজপথে মিছিলে মিছিলে মুখরিত প্রতিবাদীকণ্ঠে যেতে পারি…
আমি যেতে পারি প্রেমময় নারীর টানে, পুষ্পাঞ্জলি অভিবাদনে
আমার যা ইচ্ছে তাই করতে পারি, বেঁচে থাকার অঙ্গীকারে…
মানুষ বেঁচে থাকে সংগ্রামী হয়ে…
তুমি আমি আমরা বেঁচে থাকি শ্লোগানে শ্লোগানে…
আমার নির্দিষ্ট কোন গন্তব্য নেই
আমি গন্তব্যহীন পথিক। নামদস্তখত লিখতে শেখা…
শব্দশিল্পী, এপিক…





কমেন্ট করুনঃ