শূন্যতা
নির্বাক কবরস্থানে জোনাক-জ্বলা সন্ধ্যায়—
ফেলে এসেছি আমার শৈশব; পাশেই শীর্ণ
ব্রহ্মপুত্র নদ— শুনি জলের অধরা বিস্মৃতি
আমাকে জানে ওই শতবর্ষী বট, যে দুঃখ না—
পাওয়ার দুঃখে ঝুঁকে থাকে ব্রহ্মপুত্রের জলে
কুমারীপথ, শৈল্পিক বাঁক, ট্রেনের হুইসেল
গেল কি বিশ্রামে— বটগাছটির আড়ালে?
দল বেঁধে শূন্যতা ঝাঁপ দেয় নবীন কবরে
সারারাত গোর-খোদকদের আলাপ শুনি
সেই জোনাকিদের কোথাও দেখিনা আর।
প্রকৃতি গণিত
জঙ্গলে ঝাঁকে-ঝাঁকে নেমেছে আলো
অপরূপ জ্যামিতিক নকশায়…
বাঁশঝাড় ছুঁয়েছে বিষাদ, বিগত রাতের
ফুটি তুলো উড়ছে ভোরের আকাশে
বেগুনী রঙের জামদানি বাতাসে―
চোখ জুড়ানো বুনন ও সৌন্দর্য…
বৃক্ষের পুস্তকে রেখেছি তৃষ্ণার্ত চোখ
এ কোন ভাষায় কথা বলছে প্রকৃতি!
এই স্থির, এই অস্থির রাজ্যে এসে বুঝি
প্রকৃতির গণিতে আমরা সবাই সংখ্যা―
জগতের প্রতিটি প্রাণ, এমনকি মানুষও।
গণিতের চেয়ে সংখ্যা বড় হয়ে উঠতে নেই।
সম্পর্ক
চিরস্থির কেন্দ্র বলে কিছুই নেই
কেন্দ্র ছড়িয়ে আছে চতুর্দিকে…
একেকটি সম্পর্ক কেন্দ্রের মতো
পরিধি ঘিরে এতো-এতো আয়োজন!
যদিও প্রতিটি মুহূর্তেই নতুন আমি…
জন্ম নেয়া নতুন আমি— পুরনো আমি
দুই আমির মাঝে বয়ে চলে এক নদী
ঠিক তেমনি, তুমিও— প্রতি মুহূর্তে ভিন্ন
আমির সঙ্গে তুমি, তুমির সঙ্গে সে
এভাবেই সম্পর্কগুলো ছড়িয়ে পড়ে…
উড়ে গেলেও প’ড়ে রয় সম্পর্কের পালক
এ-ঘরে, ও-ঘরে পায়চারি করে—
তোমার ফেলে যাওয়া স্পর্শ
কোনো সম্পর্ক চিরতরে হারিয়ে যায় না
ফিরে ফিরে আসে— তুমি, আমি, সে…
যেমন পৃথিবীর জল মেঘ হয়ে ওড়ে—
ভাসতে-ভাসতে একদিন বৃষ্টি হয়ে ফেরে।
হারানো সম্পর্ক যদিও আগের মতো—
থাকে না— ফিরে আসে নতুন মাত্রায়…
আমরা কেউই কারো থেকে বিচ্ছিন্ন নই।
বাঘ
বছর জুড়ে একটি বাঘ সারাক্ষণ পাহারা—
দিচ্ছে, শাসন করছে, চোখে-চোখে রাখছে।
প্রতিমুহূর্তে নজরদারিতে তোমার জীবন…
বার্তা নিয়ে এলো— পূব-পশ্চিমের হাওয়া;
নিজের ছায়া থেকেও পালিয়ে বেড়াচ্ছে যে
শরৎ বুঝি জীবনকে বিষমুক্ত করার ঋতু!
কী অসীম মায়ায় জড়িয়ে রাখো কাঁচা হলুদ
নিম পাতার রস! খুঁজি আমি বাঘমুক্তি পথ
শরৎ এসেই পালিয়ে যাওয়ার উস্কানি দেয়
আমিও চাই— বিষমুক্ত হই, একটু জিরাই।
বাস্তুসাপ
সাগরে ভাসছে অসংখ্য বেওয়ারিশ নিঃশ্বাস
মানুষগুলো তখন গভীর সমুদ্রে ক্ষুধার জ্বালায়
পাগল হয়ে ঝাপ দিচ্ছে মৃত্যু-দরিয়ায়…
তীব্র যন্ত্রণায় আলিঙ্গন করছে অস্থির নিঃশ্বাস
ছুঁড়ে ফেলছে মুর্দা নোনা-জলে, বন্ধু-স্বজনেরা
প্রতিশ্রুতির বারান্দায় দাঁড় করিয়ে রেখে—
সেই যে গেলে! বাইরে রাত শিকড় ছড়ালো
অন্ধকারে… অপূর্ব সুন্দর এক ফণা তুলে
দুলছে তীব্র প্রতিশ্রুতি লতা—
মানুষ মুগ্ধ বিষাক্ত সৌন্দর্যে, যদিও বিষধর—
আহা! কি রূপ! এ যে বাস্তুসাপ, মারতে নেই!
প্রেম
প্রেমে আক্রান্ত মানুষ প্রতিধ্বনি হয়ে যায়, চতুর্দিকে
ছড়িয়ে পড়ে প্রতিধ্বনি— গাঙের ঢেউয়ে, অরণ্যে
সমুদ্র, পাহাড় সব একাকার করে তোলে প্রতিধ্বনি
প্রতিধ্বনির কাছে আমি নতজানু হয়ে প্রার্থনা করি
ফিরিয়ে দাও দরোজা-জানালা-দেয়ালহীন একটা
জীবন— প্রাণপ্রকৃতির দোলায় দেহহীন নিঃশ্বাস
উৎসের কাছে কেন যে বারবার ফিরে আসো তুমি!
প্রেম মানেই আংশিক মৃত্যু, আংশিক নতুন জন্ম
জ্যামিতিক বিস্তার
বৃন্তের এতো টান, কী রহস্য লুকিয়ে আছে যৌগিক পত্রে!
কামিনীসন্ধ্যা, সপ্তপর্ণী ঘ্রাণ ছুঁয়েছে আমাদের মিথস্ক্রিয়া
দুলে ওঠে দেহ-একতারা, গভীর থেকে যে আরও গভীরে―
সবুজাভ সাদা অসংখ্য ফুলে ঝুঁকে আছে ছাতিম শরীর।
প্রত্যুষে শায়িত পাহাড়― তারও জেগেছে অসীম বিস্তার
অনন্ত ট্র্যাকিংয়ে জ্যামিতিক চূড়ায় মেঘের বিচ্ছিন্ন স্পর্শ
চোখ থেকে উড়ে গেলে রক্তমল্লিকা, জাগে শাল-বৃক্ষ ঊরু
সীমানা পেরিয়ে দূরে―সারারাত আমাদের দেহ-পারাপার





কমেন্ট করুনঃ