কবর ভয়ংকরে আমাদের অর্থনীতি
কিছুক্ষন আগেই রচিত হয়ে গেল
কাকভেজা দৃশ্যপটে ষোড়শীর বৃষ্টিস্নাত গল্প
টিনশেডের বাসিন্দারা এখনো শিকড়ের সাথে আড্ডায় মগ্ন
আর আমরা বৃষ্টির সান্নিধ্য পাবো বলে
সপ্ততলার ছাদে উলঙ্গ হয়ে থাকি
এবং কবর ভয়ংকরে আমাদের অর্থনীতি
তিনটি প্রশ্নের জবাব দিতে পারেনি
‘অর্থকারী সম্পদ কেন শাস্ত্রীয় পথ থেকে বিচ্যুত হল’
এই নিয়ে মাহফিল শেষে আমরা বুঝে নেই
বর্ষায় পাটের আঁশ পেটায় এখন পাউরুটি যোগান দায়
সাথে জেলিয় নতুন ব্যবস্থা
এবং মাত্রই এই দূরাভাস যন্ত্রে জানান দিলে
তুমি ‘কলিজা ফাটা রোদ’ মঞ্চস্থ করছ
মাগরিবের ক্ষণস্থায়ী সময়
ভাত ছড়ানো কাকের উপমা
আমি স্বরবর্ণ নিয়ে কাজ করছিলাম
তুমি বললে— মাটির পেয়ালাগুলি দাও
আপ্যায়নে আমদের সাবেকিচলন এখনো প্রতিয়মান
নারকেলগুলো শুকোয় আমাদের চকির তলায়
শেষ বোশেখে কতগুলো কাঠের গাছগুলো উপড়ে গেল হায়
এবার আসবাবের রাহজানিতে
বসনের মেলা বসবে প্রতিটি চৌমাথায়
যেমন মক্কার ডুপ্লিকেট ছড়িয়ে ছিটিয়ে
কাতারের টুপিগুলো জড়ো থাকে না আর
কিংবা তাবারকের সিন্নি কুলায়
তুমি ভাত ছড়ানো কাকের উপমা দিতেও ভীরুতা হারাও
মাগরিবের ক্ষণস্থায়ী সময় অতি সন্নিকট
এবং আর্যভট্ট শূন্যকে দেখেছিল
আড়ালের ভাসায় কতটা গাঢ়তর গোলাপী প্রলেপ
কাটা বা রক্তের কথা ভুলিয়ে দিতে পারো
আমরা বিপ্লব বলতে শুধু টকটকে লালই বুঝি
খয়েরী হতে হতে কালোর আঙিনায়
অতঃপর ব্ল্যাকহোলের সংজ্ঞা আমাদের আশ্বস্ত করে
এবং আর্যভট্ট শূন্যকে দেখেছিল
‘বেজম্মা’
কিংবা আরও কয়েকটি বেসামরিক তকমা
ভ্রুণাক্ষয়ে বেহেশত খেকে নিপাতিত ফুল
দুধের নহরে প্লাবিত হতে চায়
ঈশ্বর হওয়ার দ্যোতনায়
ব্যখাকে উদযাপন করতে শেখায়
একটা ঘোরতর রাতে
কতগুলো শব্দ ছেঁটে
কতগুলো আলোর তরঙ্গ ভেঙে
কালোতে ভাঙতে চাও অন্ধকারের দূরত্ব
আমাদের পূর্ণিমা-সাধ সংস্কারপন্থীদের জিম্মায়
তবু তো মনোহরি লাগাম ছিঁড়ে যায়
ল্যাম্পপোস্টে ঝুলতে থাকে-
বেজম্মা কিংবা আরও কয়েকটি বেসামরিক তকমা
একটা উন্মুক্ত রাত
মেঘপুঞ্জের যাযাবরি বার্তায়
একটা উন্মুক্ত রাত আমাদের আয়োজনে
তুমি জোৎস্নামায়ায় অপেক্ষারত…
এলোকেশী রাত আমাদের স্তব্ধতা মজুদদারির জন্য
পাইকারি দরে কিনে নিতে চায়
ঝিঁ ঝিঁ কিংবা রাত পোঁকাদের গুঞ্জন
তুমি খুঁজে পেতে চাও আমার লোমশ বুকে
অন্ধকারে এতোটা নিশ্চয়তা !
এবং তোমার চিবুকে আমার প্রেমময় চুম্বন
আর্চনায় সমাবেত
আগ্নেয়গিরির লাভায় নীলাম্বরী খুঁজতে যেয়ো না
আমাদের প্রসন্ন দাস অভিমানী হতে পারে
অতঃপর আমরা গৃহপালিত সূর্যকে স্বাগত জানাই
মেঘপুঞ্জের যাযাবরি বার্তায়





কমেন্ট করুনঃ