নয়া ফ্যাসিস্টের পাঠ্যক্রম
১
ভাষা এখন চিহ্নিত এলাকা
নজরদারি বর্ণমালায়
যেকোনো ব্যঞ্জনধ্বনি থেকেই
জেগে উঠতে পারে প্রতিরোধ
নয়া ফ্যাসিস্ট
ব্যাকরণে ঘাঁটি গাড়ে
২
রাজা ভুল করে না
লেখা চিত্রনাট্যে
নাটকের মহড়া থেমে যায়
অভিনেতা ভাবনায় পড়ে
তবে কি সে প্রজা
৩
বিশ্ববিদ্যালয়ের ঘাসে বসে ওরা স্বপ্ন দেখত একদিন
আজ তারা দেয়ালে লিখে পোস্টমডার্ন প্রেম
মুছে দিয়ে লাল গ্রাফিতি কবিতায় গায়
ফ্যাসিস্ট স্তুতি
৪
ওরা ধর্মকে বানায় ছবিসহ ব্যানার
পবিত্রতার সংজ্ঞা নির্ধারিত হয় ওদের নির্দেশিকায়
প্রতিটি মোনাজাতে ঢুকে পড়ে সফটওয়্যার
চুক্তিসূত্রে মালিক
জমির নিচে শুয়ে থাকে
সাপের মতো পাইপলাইন
ওপরে সাইনবোর্ড চুক্তিসূত্রে মালিক
ভেতরে করিডোর ধরে হাঁটে ট্যাঙ্ক
পথ হারায় চাষির পা
মাটির বদলে দেয় বন্ড
শরীরের বদলে টার্মিনাল
তাপমাত্রা বাড়ে বলে
পাখি আর ফিরে আসে না
থেকে যায় শব্দ শুধু
ডিজেল ডিজেল ডিজেল
ভালোবাসা বনাম বিস্ফোরণ
একগুচ্ছ গোলাপ নেয়া হয়
রেপিঙে মুড়িয়ে অন্য প্যাকেটে রাখা হয় গ্রেনেড
বিয়ের অতিথি বিভ্রান্ত কে কোনটা দেবে
রিমোট বাটন বলে আজ খেলা হবে
ভালোবাসা বনাম বিস্ফোরণ
পাত্র বলে গোলাপ আমার
পাত্রীর গলায় বিস্ফোরণ
তারপর ফুল ঝরে পড়ে
ক্যামেরা ফ্ল্যাশে রক্তস্ফূরণ





কমেন্ট করুনঃ