অসুস্থ কাল
পাহাড়ে টিলায় শুকায় আমার কঙ্কাল
অনেকদিন বহুদিন জ্বরে ভোগা হাড়
এক একটা কেমন লইট্যা শুটকির
মতো ভেংচি কাটে
অথচ মানুষ ছিলাম— হিংস্র হাঙ্গরকেও করিনি ভয়
আহ অসুস্থ কাল
পাহাড়ে টিলায় শুকায় আমার কঙ্কাল
মুছে গেছে আমিষের রূপরেখা
অথচ মানুষের জন্য আমি খুলেছিলাম
আমিষের স্কুল
চালু করেছিলাম সামুদ্রিক সিলেবাস।
…….
স্বপ্ন
আমার স্বপ্নগুলো কেবলই ঝুলে থাকে
অসম্ভবের হ্যাঙ্গারে
দু’ একটা সম্ভাবনার বীজ শুকাতে দিই রোদে
অথচ বীজগুলো কেবলই ভিজে যায়
ভিজতে ভিজতে বেনোজলে
আমার স্বপ্নগুলো কেবলই ঝুলে থাকে
অসম্ভবের হ্যাঙ্গারে
ঝুলে থাকে ঘুমের ওম— প্রিয়ার প্রশান্তি
নির্ঘুম রাত জানে ভাগ্য ইতর প্রজাতি।
………
ঘোড়া
আমি হাট থেকে একটা ঘোড়া কিনে আনলাম
আমার প্রেমিকা ওটাকে টেবিলে খাড়া করে রাখে
আর ঘোড়দৌড়ের রহস্য জানতে চায়
আমার এসব বলতে একদম ইচ্ছে করে না
অলৌকিক জ্যোৎস্নার মাঠে আমার ঘোড়াটা
মুখ থুবড়ে পড়ে থাকে!
একদিন প্রেমিকা বললো ঘোড়াটা সরিয়ে
তোমাকে রাখা দরকার
তুমি স্রেফ একটা পুতুল!
…….
রেখা উপাখ্যান
আমি যা চাই তা হয়তো হয় না
তবু চাই বৃত্তে কোন অমিল না দেখা দিক
বিন্দু একটা রেখা হয়ে যাক- সরল রেখা
একবার এরকমই হয়েছিলো
আর সরল রেখা তর্ক জুড়ে দিয়েছিলো
বলেছিলো সাপ যদি সরল রেখা হয় তাহলে তো মৃত্যু জীবন তো সাপেরই মতো- বক্র রেখা বরাবর
তবু আমি চাই বিন্দু বেচারা অন্তত একটা রেখা হোক
…….
দূরত্ব
জীবনের হৃদপিণ্ড খেয়ে নিচ্ছি
স্বাদ নেই গন্ধ নেই- ভুগছি মরণ অসুখে
বানরের যকৃত খেতে পারলে হয়তো রোগটা সারতো
জীবনই ভেংচি কাটে- বলে তুমি তো বোকা জেলিমাছ
ফলে, শান্তির সমস্ত দেউটি নিভে যায়
আর আমি শান্তি খুঁজি তোমার স্তনের উপত্যকায়
স্তনেরও দূরত্ব বাড়ছে…
…………….
বোতাম
ক্ষুধার্ত মেঘে সবুজ বোতাম ছুড়ে দিওনা
ক্ষুধার্ত মেঘ কেবলি কালো রেখায় ধাবমান
এক একটা রেখা এক একটা সমুদ্র
আর তুমি হয়তো পিঁপড়ে
একটা কাঁঠাল পাতা ও খুঁজে পাবেনা
পাড়ে উঠতে
ক্ষুধার্ত মেঘে সবুজ বোতাম ছুড়ে দিওনা
…………………
ঠোঁট
আগুন নিভে গেছে… ছাইয়ের
ভেতর তোমার ঠোঁট খুঁজছি
ঊরু স্তন যোনি কিছু না
তোমার ঠোঁট খুঁজছি… কেন খুঁজছি?
একদিন একটা অদ্ভুত চুমু দিয়েছিলে
জলে তাকিয়েছিলাম… আর
দেখলাম পানকৌড়ি ডুবে গেছে
আগুন নিভে গেছে… ছাই মেখে নিচ্ছি ঠোঁটে…
ছাইয়ের ভেতর তোমার ঠোঁট খুঁজছি!
……. .. . . . ..
সুইসাইড নোট
নিয়ম করে তিনবেলা খাচ্ছি
অবহেলা, ঘৃণা, অপমান
যা তুই, তুমি, আপনার থেকে পাওয়া
কখনো সখনো এসব হজম হয় না
বদহজম দেখা দেয়
তখন তুই, তুমি, আপনি বলেন
আমি বদরাগী, বদমেজাজী
এবার ভাবছি নিজেকে
নিজে খেয়ে ফেলবো
খেয়ে ফেলার আগে
তুই, তুমি আপনার
বৃক্ষ, দড়ি, চাকু এড়িয়ে যাবো
যেন আপনারা আমার কারণে
বিপদে না পড়েন!
………………………
উত্তরসূরীদের জন্যে সতর্কবার্তা
লোকটা ১টা বিন্দু ছিলো
আমি তাকে ১টা বক্র রেখা দিয়েছিলাম
ফলে, সে সাপ হয়েছিলো
বিন্দু থেকে বৃত্ত
লোকটা আমাকে খেয়ে
তা প্রমাণ করেছিলো
তারপর ১ শতাব্দী কেটে যায়
এ ঘটনা থেকে আমার উত্তরসূরীরা
কোনো শিক্ষা নিতে পারেনি !
……………….
অভাগা
আমাকে পোড়ানোর জন্য যে
কাঠ খুঁজতে গেছে
সে বহুদিন ধরে নিখোঁজ
আমাকে পোড়ানোর জন্য যে
আগুন খুঁজতে গেছে
তাকে কেউ খুঁজে পাচ্ছে না
এ কেমন লোক
মরেও শান্তি দিচ্ছে না
এসব বলতে বলতে
লোকেরা চলে গেছে
সেই কবে
আমাকে পোড়ানোর জন্য
আগুন আর কাঠ দুটোই আছে
কেবল নেই একটা হাত!
……………..
সোনাগাছি কিংবা তসলিমা
শরীরী পাড়া কতদূর
সোনাগাছি যতদূর
ও শরীরী পাড়া
লবণ আর সমুদ্রের
অভিজ্ঞতা নিয়ে ফিরছি
চোখের জলেও লবণ থাকে
ও তসলিমা তুমি কি জানো?
বাসে বসে তোমাকে খুঁজি!
শরীরী পাড়া কতদূর
দুঃখী মেয়ে
ত
স
লি
মা
থাকে যতদূর





কমেন্ট করুনঃ