বৃষ্টির ব্যথা
বৃষ্টির আগে এমন বসে থাকা আমাকে ভাবায়
আর তাইতো একটা তারে আমি বসে দেখছি তোমাদের সবাইকে।
বিদ্যুৎ চমকাবার আগে বসে বসে কি ভাবনা?
তড়িৎ বাহন পায়ে পায়ে, তবু ভয় কি জানি না,
জানার পাখাটা আজ গুটিয়ে রেখেছি বলে ফুসরৎ পাই,
জানি না বলে আজ আমি ব্যথা পাই না।
রিপনের সুটকেস
একটা রুপালি সুটকেস নিয়ে দাঁড়ায়া ছিল লম্বা ছায়ার পাশে,
স্কুলে যাবে বলেই আজ বইখাতা নিয়ে তার এই আয়োজন।
চকচকে বক্সে মোড়ানো চকোলেটের আদর নিয়ে আস্তে আস্তে চলে ওই যাত্রা।
আলাপ চলে আর গল্প বলে-
ওদিকে স্যার কি দেখলো দেরি করে আসা পায়ের ছাপ
আর আমি দেখলাম সোনালি স্বপ্নে ভরা একটা কদমফুল।
ছোটবেলা ওই সুটকেসটা আমি অনেক চাইতাম,
কেজি স্কুলের গেটে যেতে যেতে হাতলে ওর আঙুলগুলা লাল হয়ে যেত আর
বইখাতা কোমরে চেপে ধরে হাঁটতে হাঁটতে আমার হাতটা ঘেমে উঠতো,
আজ সন্ধ্যাবেলা আমি যদি ওই সময়টা পাইতাম।
কালোর মহররম
কাদায় লেপা ভেজা উঠানজুড়ে বিস্তর হাহাকার,
কড়া রোদের ভীমড়িমারা চোখ টিপলে এখনই গলগলিয়ে রক্ত বেরুবে,
ডোবা পুকুরে শীতের শিংমাছের কাঁটা গর্তবন্দী, গুঁটিসুটি মারা পেচখোলা রেঞ্চটা নাই কোথাও!
একটু শুকালেই ফাঁটা বিছনায় শুবে শত শত ভেজা ধান
কূপির শীষের কালি তোর কপালের কোণায় চুলের আড়ালে বধির
আর তাতেই আমি হাত মাখালাম যেখানে ধরি তাই কালোর মহররম।
আমি তোমাকে হারাই
স্বপ্নের মিছিলে শত শত জোনাকি-
মশালের এই কলরব হালকা বাতাসে পাতলা কুয়াশার ভিতর দেখা দূরের শৈশব শৈবালের শূন্য শ্রাবণদিন,
এমন শীতে আমি তোমাকে হারাই।
এই কড়াইয়ের গরম তেলে আমি তেলাপিয়া,
ভাজা কঙ্কালের সাথে সবুজ শুঁটকি
টিনের বাসনের ফুটা দিয়ে ভিক্ষায় ব্যস্ত।
পথের পাশে পায়ের প্রতিধ্বনি গল্পের উপাখ্যান,
তোমার নাজুক দৃষ্টি সীমানা পেরুলেও আমি ভয় পাই না।
বায়োস্কোপ
ডাক্তার একটা মাইক্রোস্কোপে চোখ রেখে আমার চোখে চোখ রাখছে আর
আমি একটা আলোর গোলার দিকে তাকিয়ে কিছুই দেখছিনা।
ও আমার চোখের ভিতরে তাকিয়ে আছে
ও আমার চোখের মনটা দেখতে চায়,
ঝাপসা হয়ে যাওয়া দৃষ্টিতে আমি কাঁদতে পারছিনা।
এবার জানি দেখা গেল-
জ্বলে যাওয়া পিছন দেয়ালের অনেকগুলা কুয়াশাঘন কাঁশবন তাকে দেখালো শুকিয়ে যাওয়া জলছাপ, চিত্রল হরিণ!
ও বললো তোমার চোখদুটা দারুন, অদ্ভুত সুন্দর!
দোলনা
মেয়েটা দুলছে দোলনায়
শূন্যে ভাসছে আর নামছে ,
একটা সময় মনে আছে প্রথম দোলার সময়
সে কি কান্না,
উপরে উঠার মুহূর্তে বুকচিপ দেয়া কান্না
আজ আর নাই ।
শে দুলছে শুধু বার বার আনন্দে
সাথে দুলছে আমার মন!





কমেন্ট করুনঃ